বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কম খরচে বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। পরে আটক দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি) ভবনের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্লাটুন কমান্ডার নাগর আলীর নেতৃত্বে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা বিষয়টি নজরে এনে নাঈম (২৬) ও রবিউল (২৩) নামে দুইজনকে আটক করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা কম খরচে করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের গতিরোধ করেন এবং জিজ্ঞাসাবাদের পর দুজনকে আটক করেন।
আটকরা হলেন—নাঈম (২৬), পিতা-রিপন, মাতা-মাসুমা, ওয়ার্ড নং-০৪, বিমানবন্দর থানা, বরিশাল এবং রবিউল (২৩), পিতা-মান্নান, মাতা-ফাতেমা, ওয়ার্ড নং-০৩, নলছিটি থানা, বরিশাল।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজন চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর ভিড়, চিকিৎসাসেবা গ্রহণের জটিলতা এবং পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনকে কেন্দ্র করে অসাধু ব্যক্তিদের তৎপরতার সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও কার্যক্রমের ওপর নজরদারি করে আসছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।
হাসপাতালে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা রোগী ও স্বজনদের সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণে সহযোগিতা, ভিড় নিয়ন্ত্রণ, বিভিন্ন ওয়ার্ডে শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় রোগীদের প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নেওয়ার অভিযোগে দুইজনকে আটকের ঘটনায় তাদের তৎপরতা আবারও সামনে এসেছে।
রোগী ও স্বজনদের নিরাপত্তা, হাসপাতালের শৃঙ্খলা এবং চিকিৎসাসেবার পরিবেশ সুরক্ষায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের এ ধরনের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।
